গত শুক্রবার রাতের ঘটনা। লাহোরে দলের সদর দপ্তরের বারান্দায় এলেন নওয়াজ শরিফ। পাকিস্তানের তিনবারের এই প্রধানমন্ত্রী বারান্দায় পা ফেলার সঙ্গে সঙ্গে আতশবাজি ফোটানো শুরু হলো। তাঁকে স্বাগত জানাতে সেখানে সেদিন সমবেত হয়েছিলেন প্রায় দেড় হাজার মানুষ।
নওয়াজ কথা শুরু করেন সাম্প্রতিক সময়ে জনসমাবেশে তাঁর বক্তৃতার পরিচিত ধরনে। শুরুতেই পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সমর্থকদের উদ্দেশে দলটির সুপ্রিমো বলেন, ‘তোমরা কি আমাকে ভালোবাসো?’ তখন সমস্বরে জবাব এল, ‘আমরা আপনাকে ভালোবাসি।’
গত বৃহস্পতিবার জাতীয় নির্বাচন হয়েছে পাকিস্তানে। নওয়াজের প্রতি তাঁর সমর্থকদের এমন অকুণ্ঠ সমর্থনের সঙ্গে ২৪ কোটি মানুষের দেশ পাকিস্তান যে একাত্ম বোধ করে, নির্বাচনে তাঁর প্রমাণ মিলেছে সামান্যই। ভোটারদের ভোট দেওয়ার ধরন নির্বাচনী বিশ্লেষকদেরও অবাক করেছে।
জাতীয় নির্বাচনের এক মাস আগেও বিশেষজ্ঞরা বলছিলেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই পিএমএল-এন ক্ষমতায় আসছে। এতে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পাবেন ৭৪ বছর বয়সী বর্ষীয়ান রাজনীতিক নওয়াজ। এর বড় কারণ, একসময় পাকিস্তানে ক্ষমতাধর সেনাবাহিনীর চক্ষুশূলে পরিণত হওয়া নওয়াজ এবারের নির্বাচনে ছিলেন জেনারেলদের ‘আশীর্বাদপুষ্ট’।
নওয়াজ ও তাঁর দলও জয়ের ব্যাপারে এতটাই আত্মবিশ্বাসী ছিল যে ভোট গ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গত বৃহস্পতিবার রাতে আগে থেকে প্রস্তুত করে রাখা ‘বিজয় ভাষণ’ দিয়ে দেন তিনি। এরপর ভোটের ফল আসতে থাকলে ‘পাশার দান’ উল্টে যেতে থাকে।
টিবিসি ডেস্ক ।। 














