একের পর এক ম্যাচ হেরেই চলেছে প্রথমবারের মতো বিপিএলে আসা নোয়াখালী এক্সপ্রেস। টানা ষষ্ঠ ম্যাচ পরাজয় সঙ্গী হলো খালেদ মাহমুদ সুজনের দলটির।বৃহস্পতিবার তাদের ৪ উইকেট আর ১ ওভার হাতে রেখে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
নাজমুল হোসেন শান্তর রাজশাহীর এটি টানা তৃতীয় জয়। সবমিলিয়ে পাঁচ ম্যাচে চতুর্থ জয় পেলো দলটি।
লক্ষ্য ছিল ১৫২ রানের। তানজিদ হাসান তামিম ঝড় তুলতে না পারলেও ওপেনিংয়ে মোহাম্মদ ওয়াসিমের ব্যাটে উড়ন্ত সূচনা পায় রাজশাহী। ৫ ওভারের জুটিতে তারা পায় ৪৭ রান। তানজিদ তামিম ২০ বলে ২১ করে মেহেদী হাসান রানার বলে বোল্ড হন।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন মাত্র ১। তবে মোহাম্মদ ওয়াসিম মারকুটে ব্যাটিংয়ে দলকে জয়ের পথ গড়ে দেন। ৩৫ বলে ৪টি করে চার-ছক্কায় ৬০ রানের ইনিংস খেলে দিয়ে যান ওয়াসিম।
এরপর মুশফিকুর রহিম ১৮ বলে ১৯, ইয়াসির আলী ৬ বলে ৯ আর এসএম মেহরব ৯ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন। তবে জয় পেতে কষ্ট হয়নি রাজশাহীর। রায়ান বার্ল ১৮ বলে ১৯ রানে অপরাজিত থাকেন।
এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে নোয়াখালী। সৌম্য সরকারের ৫৯ ও মোহাম্মদ নবির ৩৫ রানে ভর করে নোয়াখালী দাঁড় করায় ৫ উইকেটে ১৫১ রান।
টিবিসি ডেস্ক ।। 

















