মোঃ ইউসুফ জামিল: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রদল নেতাকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।
আহত আফফান আলী শহীদ সালাম-বরতত হল শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক। তিনি রসায়ন বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আফফান আলী সার্টিফিকেট নিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এলে শাখা ছাত্রলীগের ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক বাসুদেব মজুমদার, কার্যকরী সদস্য আসিফ রিবর্ন, ছাত্রলীগ কর্মী সাইফুল, মেহেদী, ইয়াসিন, জিম, মামুন, সুপ্তসহ ১০/১২ জন মিলে তাকে মারধর শুরু করে। এসময় নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন এসে তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজে প্রেরণ করেন। মারধরকারী সবাই শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানার অনুসারী।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা যুগান্তরকে বলেন, নাশকতা চালিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করার পায়তারা করছে বলে কয়েকজন নেতাকর্মী তাকে মারধর করেছে।
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত বলেন, ২৪ ঘন্টার মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ছাত্রলীগ যেখানে পাওয়া যাবে সেখানেই গণধোলাই দেয়া হবে।
প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, ঘটনাটি আমি জানি না। এখন পর্যন্ত এধরনের কোনো অভিযোগ আমার কাছে আসেনি।
টিবিসি ডেস্ক ।। 
















